মাস্কে ঢাকা চেহারাও চিনে নেবে ইসরায়েলি প্রযুক্তি

করোনা থেকে সুরক্ষা পেতে মুখে মাস্ক, গগলস, প্লাস্টিক শিল্ড পরলেও চেহারা চিনে নিতে একেবারেই অসুবিধা হবে না। মুখঢাকা চেহারা চিনতে এমন প্রযুক্তি তৈরি করেছে ইসরায়েলের করসাইট এআই। 

রয়টার্স জানায়, মার্চে একই ধরনের প্রযুক্তি আনে চীনে। দেশটির হানওয়াং টেকনোলজি লিমিটেডের ওই প্রযুক্তি মাস্ক পরা চেহারা শনাক্ত করতে পারবে। এবার ইসরায়েলির কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার প্রতিষ্ঠান করসাইট এই প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে।

রবিবার কোম্পানিটি জানায়, মাস্ক ঢাকা চেহারা শনাক্তকরণের প্রযুক্তির জন্য ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে কানাডীয় প্রতিষ্ঠান এডব্লিএজ ভেঞ্চার। এই অর্থ প্রযুক্তিটির বাজারজাত ও উন্নয়ন কাজের জন্য খরচ করা হবে। 
এই প্রযুক্তির মাধ্যমে যারা কোয়ারেন্টাইন লঙ্ঘন করেছেন এবং সেইসঙ্গে মাস্ক পরে বাইরে বের হয়েছেন তাদের সতর্ক করে দেয়া হবে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কারা কারা, তাদের দ্রুত শনাক্ত করবে প্রযুক্তিটি।

ইউরোপের একাধিক বিমানবন্দর, হাসপাতাল, এশিয়ার কয়েকটি শহর, দক্ষিণ আমেরিকার পুলিশ বিভাগ ও সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আফ্রিকান খনি এবং ব্যাংকে এ ধরনের প্রযুক্তি স্থায়ীভাবে ইনস্টল করা রয়েছে বলেও জানিয়েছে করসাইট।

মাত্র ১৫ জন কর্মী নিয়ে কাজ করে যাচ্ছে গত বছরের শেষে প্রতিষ্ঠিত করসাইট। কর্টিকা গ্রুপের একটি প্রতিষ্ঠান এটি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য সাত কোটি ডলারেও বেশি অর্থ বিনিয়োগ সংগ্রহ করেছে কর্টিকা গ্রুপ।