পাবনার ঈশ্বরদীতে মার্কেটের দোকান বন্ধ করতে বলার কারণে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার সাহাপুরে নতুন হাট মোড়ের হাসেম সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ.এস.আই খায়রুল ইসলাম, কনস্টেবল ফুয়াদ হোসেন ও রুহুল আমিন ওই মার্কেটের কসমেটিকস, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন সামগ্রীর দোকান খোলা দেখতে পান। তারা দোকান খোলা কেন জানতে চাইলে শান্ত নামের এক দোকানি পুলিশকে উদ্দেশ্য করে গালি দেন।
এ সময় অন্য দোকানিরাও শান্তর পক্ষ নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি শুরু করেন। একপর্যায়ে শান্তকে আটক করা হলে জুয়েলসহ অন্য ব্যবসায়ী ও দোকানিরা পুলিশের ওপর হামলা চালিয়ে শান্তকে ছিনিয়ে নেয়। তারা পুলিশের গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ.এস.আই খায়রুল ইসলাম বলেন, আমরা ভালোভাবে দোকান বন্ধ করতে বলেছি কিন্তু শান্ত নামের একজন দোকানি আমাদের সঙ্গে চরম বেয়াদবি করে। তাকে পুলিশের গাড়িতে তোলার কথা বলায় অন্য ব্যবসায়ীরা আমাদের ওপরে চড়াও হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, পরিস্থিতি শান্ত হয়েছে। ঘটনার তদন্ত করে এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।