গাজীপুরের টঙ্গীতে তিন শিশু ধর্ষণ ও এক শিশুকে বলাৎকারেরর অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে তিন মেয়ে শিশুর বয়স আট, সাত ও পাঁচ বছর। অন্য একটি ছেলে শিশুর বয়স তিন বছর।
শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার আউচপাড়া মোক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিল্লাল হোসেন (৪৭) নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন বেনু ও বিল্লাল একই বাড়িতে বসবাস করতেন। ভিকটিম শিশুদের বাবা-মা দিনমজুরের কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। রবিবার সন্ধ্যায় ওই চার শিশু বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেওয়ার কথা বলে একে একে চার শিশুকে ডেকে এনে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ ও বলাৎকার করে বেলায়েত এবং তার সহযোগী। ঘটনাটি জানাজানি হয়ে গেলে রাতেই কয়েক হাজার টাকা বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা।
তবে ঘটনার একদিন পর সোমবার স্থানীয় কয়েকজন যুবক খবর দিলে পুলিশ প্রধান অভিযুক্ত বেলায়েতকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বেলায়েত ওই বাসার কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিল। খাবারের লোভ দেখিয়ে শরীর টিপে দেওয়ার কথা বলে গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করেছিল সে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক আরো জানান, প্রধান অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে আটক করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।