দিনে আটক, রাতে খাদ্য সহায়তা দিল পুলিশ

কুড়িগ্রাম সদর উপজেলায় পূর্বঘোষণা অনুযায়ী লকডাউন নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ও সদর থানা পুলিশ বিভিন্ন চেকপোস্ট থেকে ১০২ জন ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। রাতে ওই চালকদের খাদ্য সহায়তা প্রদান করে কুড়িগ্রাম জেলা পুলিশ। গত রবিবার রাতে সদর থানা ও পুলিশ ফাঁড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। অটোরিকশার চালকদের এনে খাদ্য সহায়তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে স্থান পায়।

সদর থানার একাধিক কর্মকর্তা জানান, আটকের পর তাৎক্ষণিকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার সিট খুলে নেওয়া হলে চালকরা সন্ধ্যার পর সেগুলো নিতে সদর থানায় এলে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় তাদের হাতে ত্রাণ তুলে দেন ওসি মাহফুজার রহমান। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে চালকদের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহ করে তাদের প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়। ওসি মাহফুজার টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা চালকদের এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছি। সেখানে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ। তাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।