করোনার নমুনা পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জে ৬ দিনেও আসেনি ১৪৫ প্রতিবেদন

চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য পাঠানো নমুনার প্রতিবেদন ছয় দিন ধরে আসছে না। ফলে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনা পরিস্থিতি সৃষ্টির পর চাঁপাইনবাবগঞ্জ থেকে মোট ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে প্রতিবেদন এসেছে ১২০ জনের। তাদের মধ্যে দুজনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২০ এপ্রিল প্রথম ব্যক্তি ও ২১ এপ্রিল দ্বিতীয় ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত দুজনের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার ও অন্যজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ার। আক্রান্ত দুজনই নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন।

সিভিল সার্জন জানান, ২১ এপ্রিলের পর চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো নমুনার আর কোনো প্রতিবেদন আসেনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আটকে আছে ১৪৫ জনের নমুনা। ফলে এসব মানুষের দেহে করোনাভাইরাস আছে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ছয় দিন ধরে কী কারণে প্রতিবেদন আটকে আছে তা জানাতে পারেননি সিভিল সার্জন।