ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন সাংসদ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারু আশরাফ খান দিলিপ। গতকাল সোমবার দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে সাংসদ প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে কৃষক সিরাজুল হকের দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ধান পাকলেও শ্রমিকের অভাবে কয়েক দিন যাবৎ ধান কাটতে পারছিলেন না সিরাজুল হক।

সাংসদের সঙ্গে ধান কাটায় অংশ নেন পলাশ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

ধান কাটার বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, করোনাভাইরাসের মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা যেন কৃষকের পাশে দাঁড়াই। সঠিক সময়ে কৃষক ঘরে ধান তুলতে না পারলে খাদ্যসংকট দেখা দিতে পারে। এই মুহূর্তে কোনো শ্রমিক নেই যে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবে। তাই আমিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটা শুরু করেছি। ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে। পলাশের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান থেকে শুরু করে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন সব কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন।