কোনো কোনো দেশে প্রাদুর্ভাব কিছুটা কমে এলেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রগুলোর প্রাতিষ্ঠানিক হিসেবের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক মান সময় ২০: ৫০ এ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩০ লাখ ৩৪৪ জন। মোট আক্রান্তের প্রায় ৮০ শতাংশই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের!
এই সময়ে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৩৮৮ জন।
মহাদেশীয় হিসেবে আক্রান্ত ও মৃত্যুর বেশির ভাগই ইউরোপের দেশগুলোর। ইউরোপে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছুঁই ছুঁই; মৃত্যু ১ লাখ ২৬ হাজারের ওপরে।
আর একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এএফপির সবশেষ হিসেব মতে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮০ হাজার। আর মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ৬৩৭ জন।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ১০ হাজার।