ফরিদপুরে নতুন করে এক নার্স ও এক পুলিশ সদস্যসহ চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১২জন করোনা রোগী শনাক্ত করা হলো।
নতুন করে যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে তিনজন ভাঙ্গায় এবং একজন ফরিদপুর সদরে।
ফরিদপুর সদরে যার করোনা শনাক্ত হয়েছে তিনি কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা একজন পুলিশ সদস্য। তিনি পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত আছেন। তবে বর্তমানে ছুটি নিয়ে বাড়িতে আছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই পুলিশ সদস্য গত সোমবার ছুটি নিয়ে ঢাকা থেকে ফরিদপুর এসে করোনা চিকিৎসার জন্য নমুনা দেন। এ ব্যাপারে পুলিশ হেড কোয়ার্টারের সাথে যোগাযোগ করে পরবর্তি করণীয় নির্ধারণ করা হবে।
ভাঙ্গায় যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন ভাঙ্গা হাসপাতালের সেবিকা। তার বাড়ি উপজেরার আলগী ইউনিয়নে। একই হাসপাতালের দুই কর্মচারি তাদের বাড়ি আলগী ইউনিয়নে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিনউদ্দিন ফকির বলেন, করোনা শনাক্ত হওয়া ওই তিনজনের মধ্যে সেবিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া অপর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ওই দুটি বাড়ির প্রত্যেক সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফমেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের পাশাপশি ওই দুটি বাড়িসহ আশোপাশের কয়েকটি বাড়ি বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।