ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে এক সময়ে জুটি বেঁধে খেলেছেন দুজন। কাঁধে কাঁধ রেখে কত ম্যাচ জিতিয়েছেন দলকে। অথচ সেই রামনরেশ সারওয়ানকে করোনাভাইরাসের চেয়ে খারাপ বলছেন ক্রিস গেইল!
সম্প্রতি গেইল ও সারওয়ানের সম্পর্কটা তলানিতে পৌঁছেছে। যার মূল কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই লিগে চার মৌসুম জ্যামাইকা তালাওয়াসে খেলেছেন গেইল।
পরের দুই মৌসুম সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেন। এরপর গেইল আবার ফেরত এসেছিলেন জ্যামাইকা তালাওয়াসে। কিন্তু এই হার্ট হিটার ব্যাটসম্যানকে আসছে মৌসুমের জন্য দলে রাখেনি জ্যামাইকা। শেষ পর্যন্ত গেইল সেন্ট লুসিয়া জুকসে নাম লেখান।
জ্যামাইকা দলে না রাখার দায়টা সতীর্থ সারওয়ানের ওপর চাপাচ্ছেন গেইল। ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ সারওয়ান। গেইলের দাবি তাকে বাদ দিতে সারওয়ানই কলকাঠি নেড়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে গেইল বলেন, ‘সারওয়ান, তুমি এখন করোনাভাইরাসের চেয়েও খারাপ। তালাওয়াসের সাথে যা ঘটেছে এর পেছনে তুমি বড় ভূমিকা রেখেছ। কারণ তুমি এবং ফ্র্যাঞ্চাইজি মালিক খুব ঘনিষ্ঠ।’
এতটুকু বলেই থামেননি গেইল। বলেন, ‘সারওয়ান, তুমি সাপের মতো। তুমি খুব প্রতিশোধপরায়ণ। এখনো মানসিকভাবে অপরিণত তুমি। মানুষকে এখনো পেছন থেকে ছুরি মার তুমি।’
নিজেকে কবে বদলাবেন সারওয়ান এই প্রশ্নও রেখেছেন গেইল।