বেতাগীতে ডায়রিয়ার প্রকোপ একজনের মৃত্যু

বরগুনার বেতাগী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮২ জন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতেই মারা গেছেন মরিয়ম (৫৫) নামের এক নারী।

গত ২৬ এপ্রিল বেতাগী সদর ইউনিয়নের ছোট কেওড়াবুনিয়া গ্রামের আবদুল আজিজের স্ত্রী মরিয়ম সকাল ৭টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগের দিন তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে পাশের কমিউনিটি ক্লিনিক থেকে খাবার স্যালাইন নিয়ে খাওয়ান তার স্বামী। গভীর রাতে মারা যান মরিয়ম।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ৮২ ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন। গড়ে প্রতিদিন ১৫-২০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালে খাবার স্যালাইনের সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

সিভিল সার্জন হুমায়ুন শাহিন খান বলেন, কলেরার স্যালাইনের সংকট দেখা দিয়েছিল। ইতিমধ্যে আমরা সেখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৫০০ স্যালাইন পাঠিয়েছি। সেই সঙ্গে সংকট নিরসনে আরও স্যালাইন পাঠানোর প্রক্রিয়া চলছে। আশা করছি এ সংকট থাকবে না।