ঝিনাইদহে জমির বিরোধে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আরাফাত হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরাফাত একই উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরফাত হোসেন বাড়ির পাশে কেনা একটি জমিতে গতকাল বেড়া দিতে যান।

এ সময় পার্শ্ববর্তী জমির মালিক প্রতিবেশী রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেন। সে সময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হলে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখনও কোনো মামলা হয়নি।