বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। বুধবার ৫৩ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন বিখ্যাত এই তারকা।
দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ইরফান। হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার আইসিইউতে নেওয়া হয় তাকে। বুধবার ঢলে পড়েন মৃত্যুর কোলে।
ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড থেকে শুরু করে পুরো ভারতেই। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি, শুটার গনন নারং- সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বড় তারকারা।
লিটল মাস্টার শচীন টুইটারে লিখেছেন এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। নিজেকে ইরফানের ভক্ত উল্লেখ করে বলেন, ‘ইরফানের এই মৃত্যু মেনে নেওয়া যায় না। খুবই খারাপ লাগছে ৷ আমার খুব পছন্দের অভিনেতা ছিল ও এবং আমি ওর ফ্যান ছিলাম।’
শচীন যোগ করেন, ‘ইরফান অভিনীত প্রায় সব সিনেমাই দেখেছি। শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা এই সেদিন দেখলাম। চরিত্রটার সঙ্গে ইরফানকে আলাদা করা যাচ্ছিল না। কী অবলীলায় ঐ চরিত্রে অভিনয়টা করে গেছে। যেন ওর কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। ইরফানের আত্মার শান্তি কামনা করি।’
ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘ইরফানের মৃত্যুর খবর শুনে দুঃখ পেয়েছি। ওনার মতো এত আলাদা ধরনের চরিত্রে খুব কম অভিনেতা অভিনয় করার ক্ষমতা রাখেন। ওনার আত্মার শান্তি কামনা করি।’
বীরেন্দ্রর শেওয়াগ লিখেছেন, ‘ইরফান খুবই গুণী অভিনেতা ছিলেন। অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। ওনার পরিবারের প্রতি আমরা সবাই সমব্যথী।’
ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘তোমার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়লাম। ভারতীয় সিনেমার জগতে নক্ষত্র পতন।’
ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি লিখেছেন, ‘খান সাহেব, আপনি যাই করেছেন সেগুলো ছিল অসাধারণ এবং সবই উজ্জ্বল হয়ে থাকবে। যেভাবে আপনি আপনার শিল্পকে আমাদের মধ্যে তুলে ধরেছেন এর জন্য ধন্যবাদ। শোক হোক শক্তি।’
শুটার গগন নারং লিখেছেন, ‘গুগল গাঙ্গুলি, রুহদার... এই সব চরিত্রগুলোর মাঝে আপনি বারবার ফিরে আসবেন। ২০২০ সালটা এই নন্দিত অভিনেতার মৃত্যুতে আরো খারাপ হয়ে থাকল। ২০১১ সালে পদ্মশ্রী অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছিল। তার আচরণে মুগ্ধ হয়েছিলাম। অশ্রু থাকবে না কিন্তু স্বর্গ হাসবে।’
সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইরফান তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। ভক্তরা সবাই তোমার পরিবার ছিল। তোমার প্রয়াণে শোকার্ত।’
ক্যানসারজয়ী ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘আমি এই যাত্রা জানি, এই ব্যথা জানি। আমি জানি তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন। কিছু ভাগ্যবান বেঁচে থাকেন। আমি নিশ্চিত আপনি আরো ভালো জায়গায় থাকবেন। আপনার পরিবারের প্রতি সমবেদনা।’
শোক জানিয়েছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, নারী হকি দলের অধিনায়ক রানি রামপাল সহ আরো এক ঝাঁক তারকা।