হবিগঞ্জে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৫২

হবিগঞ্জে স্বাস্থকর্মীসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ১৮দিনে করোনায় আক্রান্ত হলেন ৫২জন।

বুধবার বিকেল পর্যন্ত যে ৪ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২ জন নারী ২ জন পুরুষ। তারা হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বাসিন্দা। গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে যাত্রী নিয়ে আসা মাইক্রোবাসচালক মোয়াজ্জেম হোসেন প্রথম করোনা রোগি হিসেবে শনাক্ত হন।

 হবিগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, নার্স, থেকে শুরু করে মালি পর্যন্ত ৫১ জনেরই কোন উপসর্গ নেই।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. শামীমা জানান, এখন পর্যন্ত সব রোগিরই অবস্থা ভাল। করোনা আক্রান্ত মাইক্রোবাস চালক মোয়াজ্জেমের নমুনা ২৭ এপ্রিল পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে তিনি সুস্থ হয়েছেন কি না। 

তিনি জানান, সদর হাসপাতালের চিকিৎসক নার্সসহ কয়েকজন কর্মচারি করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের সাধারন সেবা ৭দিনের জন্য  বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালটিকে ডিসইনফেকশনের (সংক্রমন প্রতিরোধে) জন্য কার্যক্রম চলছে। 

জেলা প্রশাসনের সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টেনে আছেন ২৩১২জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেনে  ১০জন ও আইসোলেশেনে ২৬ জন রয়েছেন। 

উল্লেখ্য, করোনা  আক্রান্তদের মধ্যে প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও স্বাস্থ্য বিভাগের ৩জন ডাক্তার ২ নার্সসহ মোট ১৭ জন কর্মচারি রয়েছেন। করোনা আক্রান্ত চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুূ্দ্দিন  হাসপাতালে  শনিবার রাতে মারা যায়।