করোনায় সাবেক হকি খেলোয়াড়ের বাবার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক জাহিদ হোসেনের বাবা মোহাম্মদ আসিফ হোসেন। বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আসিফ হোসেন স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার পর গত রবিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসিফ হোসেনকে।

দেশের ক্রীড়াঙ্গনে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা এটি। এর আগে ১৬ এপ্রিল মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম।