ইউরোপের কিছু দেশের ফুটবল ক্লাব এরই মধ্যে ফিরেছে অনুশীলনে। কিন্তু লিগ কবে মাঠে গড়াবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে রয়টার্স জানিয়েছে, সদস্য দেশগুলোর কাছে চিঠি দিয়ে ২৫ মে’র মধ্যে স্থগিত থাকা নিজ নিজ ঘরোয়া মৌসুম চালুর পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে উয়েফা।
স্থগিত আছে এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও। অথচ উয়েফা চিন্তা শুরু করে দিয়েছে আগামী মৌসুমের টুর্নামেন্ট নিয়ে। উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন চিঠিতে বলেন, ‘ঘরোয়া প্রতিযোগিতাগুলো কবে থেকে শুরু হবে এবং কোন ফরম্যাটে খেলা হবে তা জানাতে হবে ২৫ মে’র মধ্যে। তবে কোনো লিগ কর্তৃপক্ষ মৌসুম বাতিল করলে, বাতিলের কারণও জানাতে হবে ওই সময়সীমার মধ্যে এবং আগামী মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোন দল খেলবে সে তালিকাও দিতে হবে। আর দলগুলোকে বাছাই করতে হবে বাতিল হওয়া মৌসুমের ঘরোয়া পারফরম্যান্সের ভিত্তিতে।’ এদিকে আশার কথা ইংলিশ লিগ শুরু করার বিষয়ে ১ মে বৈঠকে বসছে ইংলিশ লিগ
কর্তৃপক্ষ, বুন্দেসলিগার দলগুলো নেমেছে অনুশীলনে। সিরি আ দলগুলো অনুশীলন শুরু করবে ১৮ মে থেকে। কিছুদিন আগে নেদারল্যান্ডসে মৌসুম বাতিল করা হয় চ্যাম্পিয়ন ঘোষণা না করেই।