মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কুদ্দুস দপ্তরী (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার আলদী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আলদী গ্রামের আবদুর রশিদ দপ্তরীর ছেলে।

কুদ্দুসের ছোট ভাই মেহেদী দপ্তরী জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার কাঠালদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদী গ্রামের সহিদ হালদার, আরিফ হালদার ও তাদের সহযোগীদের মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছেন তার ভাই কুদ্দুস দপ্তরী। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে গ্রামের রাস্তায় কুদ্দুসকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত জখম অবস্থায় কুদ্দুসকে প্রথমে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ডিউটি অফিসার তুহিনুজ্জামান জানান, সকালে রক্তাক্ত জখম অবস্থায় এক যুবককে থানায় নিয়ে আসেন স্বজনরা। এ সময় তারা লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে আগে চিকিৎসা গ্রহণের কথা বলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসা শেষে অভিযোগ নেওয়া হবে।