ছয় সপ্তাহেও করোনা মুক্ত নন জুভেন্তাসের দিবালা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ছয় সপ্তাহ পার হয়ে গেলেও প্রাণঘাতী এই ভাইরাসের রাহুমুক্ত হতে পারেননি জুভেন্তাসের তারকা ফুটবলার পাওলো দিবালা। সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন এই তারকার খুব কাছের একটি সূত্র।

দিবালার সতীর্থ ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানি ও ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদিও করোনাভাইরাসে আক্রান্ত হন। কিন্তু বাকিরা সেরে উঠলেও আক্রমণভাগের এই খেলোয়াড়ের শরীরে এখনো কভিড-১৯ এর উপস্থিতি রয়ে গেছে।

তবে সূত্রটি বলেছে দিবালা এখনো সুস্থ না হলেও ভালো আছেন। এমনকি অনুশীলনও করছেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

“সে এখন ভালো আছে। করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। এমনকি সে অনুশীলনও করছে। এখন সে সবশেষ দুই পরীক্ষার ফলের অপেক্ষায় আছে। স্বাস্থ্যসেবার ব্যবস্থাটাকে সম্মান জানাতে হবে। তাতে যত সময়ই যাক না কেন। সে একজন ফুটবল খেলোয়াড় হলেও অগ্রাধিকারমূলক চিকিৎসা পায়নি।”

এখন পর্যন্ত কভিড-১৯ সংক্রান্ত দিবালার মোট চারটি টেস্ট হয়েছে। এর মধ্যে দুটি টেস্টে পজিটিভ এসেছে। এখন সে তৃতীয় ও চতুর্থ টেস্টের ফলের অপেক্ষায় আছে। তবে দিবালার চারটি টেস্ট কখন করা হয়েছে তা জানানো হয়নি।

জুভেন্তাসের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, “দিবালার টেস্টের ফল এখনো পজিটিভ। নেগেটিভ আসলে জানানো হবে।”

উল্লেখ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গত ২১ মার্চ দিবালা নিজেই ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জানিয়েছিলেন, তিনি ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি করোনায় আক্রান্ত।

এরপর ২৭ মার্চ জুভেন্তাসে ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “আমার শরীরে কভিড-১৯ এর কঠিন লক্ষণ ছিল। কিন্তু এখন আমি অনেক ভালো বোধ করছি।”

“এখন আমি নড়াচড়া, হাঁটাচলা করতে পারি। এমনটি অনুশীলন করারও চেষ্টা করছি। অথচ আমার দম ফেলতে খুব কষ্ট হতো। পাঁচ মিনিটের বেশি আমি কিছু করতে পারতাম না। আমার মাংসপেশি কামড়াতো। সৌভাগ্য, ওরিয়ানা ও আমি এখন আগের চেয়ে ভালো আছি।”

এদিকে, চলতি মাসের শুরুতে জুভেন্তাস থেকে জানানো হয়, রুগানি ও মাতুইদি উভয় করোনা থেকে সেরে উঠেছেন। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে।