লকডাউনে বাজারের বদলে নববধূ পেয়ে থানায় ছুটলেন মা

কত আজব ঘটনাই না ঘটে! লকডাউনের মাঝে এক যুবক বাড়িতে বলেন, নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে যাচ্ছেন। কিন্তু বাড়ি ফিরলেন বউ নিয়ে।

ভারতের সংবাদ প্রতিদিন জানায়, উত্তরপ্রদেশের এক মা ভেবেছিলেন ছেলে অত্যাবশ্যকীয় পণ্য নিয়েই ফিরবেন। কিন্তু বাড়ি ফেরার পরই চক্ষু চড়কগাছ উত্তরপ্রদেশের ওই যুবকের মায়ের। ছেলের ওপর এতটাই রেগে যান যে সোজা থানায় ছুটে যান তিনি।

মা জানান, তার ছেলে সকালবেলা বাড়িতে জানান কিছু অত্যাবশ্যকীয় পণ্য কিনতে যাচ্ছে। সেই অনুযায়ী বাড়ি থেকে বেরোয়। বেশ কিছুক্ষণ পর বাড়ি ফেরে। তখন দেখেন যুবকের সঙ্গে নববধূর বেশে একজন তরুণী।

ছেলের কাছ থেকে পরিচয় জানতে চান মা। ছেলে জানান, ওই তরুণীকে বিয়ে করে নিয়ে এসেছেন তিনি। দাবি করেন, সেই অনুযায়ী ওই তরুণী তার স্ত্রী। এবং এটাই তরুণীর শ্বশুরবাড়ি।

আচমকা কাউকে কিছু না জানিয়ে বিয়ের সিদ্ধান্ত মানতে রাজি নন মা। তাই ছেলে ও নববধূকে ঘরে ঢুকতে দেননি তিনি। পরিবর্তে দু’জনকে নিয়ে সোজা থানায় হাজির হন।

এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা গেছে, মুখে মাস্ক পরে থানার সামনে একটি চেয়ারে বসে রয়েছেন মা। বেশ খানিকটা দূরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নববধূ। পাশে মাস্ক পরে দাঁড়িয়ে তার স্বামী। মায়ের দাবি, বিয়ের কোনো প্রমাণ দিতে পারেননি ছেলে। এমনকি কোন পুরোহিত বিয়ে পড়িয়েছে তাও বলতে পারছেন না ওই যুবক। এই সমস্ত নানা প্রশ্নের উত্তর না পেলে ছেলেকে নববধূ নিয়ে বাড়িতে ঢুকতে দেবেন না বলে জানান।