গোপালগঞ্জের কাশিয়ানীতে খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএসের এক ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
বুধবার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবারের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরের চাল) ওএমএস ডিলার জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জানতে পারেন, ওই ডিলার তার স্ত্রী মেরি রানী মন্ডল (৩০), মা মঞ্জু রানী মন্ডল (৬৫), ভাই পলাশ মন্ডল (২৮) এর নামে তিনটি কার্ড বানান এবং সেই সাথে একজন বিধবা নারীর স্বামী ঈশান মন্ডল দেখিয়ে আরেকটি কার্ড বানিয়ে নিজে চাল উঠিয়ে নিয়ে ভোগ করছেন।
তবে ওই গ্রামে ঈশান নামে কোনো বয়স্ক লোক না থাকলেও ডিলারের নিজের ৯/১০ বছর বয়সী ছেলের নাম ঈশান মন্ডল। ওই ডিলার সাংবাদিকদের কাছে স্ত্রী, মা, ভাই ও এক বিধবা নারীর নামে কার্ড আছে বলে স্বীকার করেছেন।
তবে ওই নারীর স্বামীর নাম ঈশান কেন লেখা হয়েছে এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি।
তিনি বলেন, তালিকা চেয়ারম্যান ও মেম্বাররা করেছে। আমার কোনো দায়বদ্ধতা নাই। আমাকে দয়া করে তারা দিয়েছে তাই আমি নিয়েছি।
এ ব্যাপারে পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান মোল্যার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মা, ভাই বা অন্যদের নামে যে কার্ড হয়েছে এটা ঠিক। তবে তারা সবাই কার্ড পাওয়ার উপযুক্ত। তারা সবাই গরীব এবং আলাদা সংসার সবার।
পুইশুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মুজাইদুল বুলবুলকে ঘটনার তদন্ত করে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।