ফেনীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে ডায়াবেটিকে আক্রান্ত হয়ে ওই প্রবাসী দেশে ফেরেন। এরপর থেকে তিনি ফেনী শহরের নাজির রোডের একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। কিছুদিন যাবৎ তার ডায়াবেটিক ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একই সঙ্গে জ্বর ও কাশি দেখা দেয়। বুধবার বিকালের দিকে অবস্থা খারাপ হলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, মারা যাওয়া ওই ব্যক্তি স্থায়ীভাবেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিকের রোগী ছিলেন। তারপর তিনি মারা যাওয়ার পর কোভিড-১৯ এ আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করেছি।
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল জানান, মারা যাওয়া ওই ব্যক্তি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোর রাতে তাকে বিশেষ ব্যবস্থায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।