একের পর এক নক্ষত্রের পতন ঘটছে ভারতে। মাত্র এক দিনের ব্যবধানে বলিউড হারিয়ে দুই মহাতারকা ইরফান খান ও ঋষি কাপুরকে। বুধবার ইরফানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে মারা যান ঋষি কাপুর। একই দিন বিকেলে পরপারে পারি দিলেন দেশটির ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী।
ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় চুনী গোস্বামীকে। তার নেতৃত্বে ১৯৬২ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয় করে ভারত। ১৯৬৪ এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন এই সব্যসাচী ক্রীড়াবিদ।
চুনী গোস্বামীর জন্ম বাংলাদেশের (অবিভক্ত বাংলা) কিশোরগঞ্জে। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তার জন্ম। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮২ বছর বয়সী তারকা। বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার পরপর দুবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবারো হার্ট অ্যাটাক হয় এর। এরপর বিকেল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভারত জাতীয় ফুটবল দলের হয়ে ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ৫০টি ম্যাচ খেলেছেন চুনী গোস্বামী। আর ক্রিকেটার হিসেবে ১৯৬২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলার হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অধিনায়ত্বও করেছেন তিনি।
চুনী গোস্বামীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনে।