চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস অস্তিত্ব শনাক্ত হয়েছে। যিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য। 

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বিআইটিআইডিতে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে। তার বয়স ২৮ বছর। 

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় খুলশী থানার এক কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে আইসোলেশনে আছেন। এ নিয়ে সিএমপির ১১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।  

এই পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে দুই হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা এবং রাজবাড়ী থেকে চট্টগ্রামে আসা দুই করোনা পজেটিভ রোগীও আছেন।  চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন ।