চাঁদের এক মুঠো মাটি বা এক টুকরো পাথর তো এই পৃথিবীতে সাত রাজার ধন। সুযোগ আছে— চাইলে কিনে নিতে পারেন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি ওজনের একটি পাথর।
সিএনএন জানায়, লন্ডনের ক্রিস্টি নিলাম হাউসে বিক্রি হচ্ছে এই দুলর্ভ বস্তু।
‘এনডব্লিউএ ১২৬৯১’ নামে পরিচিত পাথরটি মূলত একটি উল্কার অংশ। যা চাঁদ থেকে পাওয়া পাথরগুলোর মধ্যে পঞ্চম বৃহত্তম। বিজ্ঞানীরা পরীক্ষা করে এই রায় দিয়েছেন।
চাঁদের ওপর উল্কাপাতের ফলে পাথরটি দুই বছর আগে খসে পড়ে সাহারা মরুভূমিতে। ফুটবলের আকারের পাথরটি চাঁদেরই অংশ। এই ধরনের পাথর পাওয়া বিরল ঘটনা।
পাথরটি কমপক্ষে ২ লাখ ৩৯ হাজার মাইল পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছেছে। উত্তর-পূর্ব আফ্রিকায় এ ধরনের ৩০টির মতো চাঁদের নমুনা পাওয়া যায়।
১৯৭২ সালে অ্যাপোলো সিক্সটিনের নভোচারীদের আনা চাঁদের পাথর ‘বিগ মুলি’র ওজন ছিল ২৬ পাউন্ড বা ১১.৭ কেজি। ‘এনডব্লিউএ ১২৬৯১’ তার চেয়েও বড়।
পাথরটির দাম ধরা হয়েছে ২৫ লাখ ডলার। তবে নিলাম নয়, যে কেউ এই দাম দিয়েই পাথরটি খরিদ করে নিতে পারবেন।
এই বিষয়ে ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ।