নিখোঁজের পরদিন স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ মিলল জঙ্গলে

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজের পর দিন হাত-পা দঁড়ি ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় নিহতের বাড়ির পার্শ্ববর্তী মান্দারতলা গ্রামে ঘটেছে।

নিহত স্কুল ছাত্রী মনি আক্তার (১২) উপজলোর রায়পুর ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে।তিনি এলাকার ৩৫নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

ঘটনা শুনে নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন বারহাট্টা থানার ওসি মো. মিজানু রহমান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালের দিকে স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তবে থানায় নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জিডিও করা হয়নি। শুক্রবার সকালে রাস্তার পাশের একটি গর্তে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশের হাত-পা ও মুখ বাঁধা ছিল।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক পুলিশ তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনার কাজ করছে।