দুই বাঘের বিরল ছবি প্রকাশ করলেন কারিনা

চাচা ঋষি কাপুরকে হারিয়েছেন মাত্রই। এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবারের কেউই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোকবার্তা জানিয়ে চলেছেন বলিউডের অনেকেই।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি বিরল ছবি পোস্ট করে ঋষি কাপুরকে উৎসর্গ করলেন কারিনা কাপুর খান। কালো-সাদায় ফ্রেমে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন দুই বাঘ! ঋষি কাপুর ও মনসুর আলি খান পতৌদি(টাইগার)। দেখুন সেই বিরল ছবি...

বৃহস্পতিবার, কারিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাম তুম সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। যেখানে প্রিয় ঋষি কাপুর গাইছেন ববি সিনেমার সেই বিখ্যাত গান ‘মে শ্যায়ের তো নহি...’। ছোট্ট ভিডিও ক্লিপিংস-এ দেখা যাচ্ছে সাইফ আলি খান’কেও। হাম-তুম ছবিতে সাইফ ঋষি কাপুরের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

প্রিয় চিন্টু আংকেলের ছোট্টবেলার মিষ্টি ছবিও শেয়ার করেছেন কারিনা। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট ঋষি কাপুর বসে আছেন তার বড় ভাই রণধীর কাপুরের সঙ্গে। কারিনা লিখেছেন- ‘সেরা দুজন ছেলে, যাদের আমি চিনতাম, বাবা আর চিন্টু আঙ্কল’।

গত বৃহস্পতিবারেই কারিনা এবং সাইফ দুজনেই ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। এমনকি গুটিকয়েক মানুষ যারা চন্দনওয়াড়ি শ্মশানে ঋষি কাপুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন তাদের মধ্যেও ছিলেন এই দম্পতি।

গত দুই বছর ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরলোক গমন করেন ঋষি কাপুর।

তার শেষকৃত্যে নিকটাত্মীয় এবং খুব কাছের বন্ধু ছাড়া কেউ ছিলেন না। ঋষি কাপুরের শুভানুধ্যায়ী এবং ভক্তদের জন্য অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, যে কোনো সমাবেশের বিরুদ্ধে এখন নিয়মকানুন আইন খুব কড়া। তাই নিয়ম মেনে চলুন। লকডাউনের কারণে, ঋষি কাপুরের দিল্লি নিবাসী ঋদ্ধিমা কাপুর সাইনিও বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেননি।