করোনা পরিস্থিতির শুরু থেকে রমজানের মধ্যেও মালয়েশিয়ায় বৃষ্টি খাতুন নামে এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং স্থানীয় এক দাতুক সায়মনের সমন্বয় ও সহযোগিতায় খাদ্য সামগ্রী উপহার বিতরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এখন পর্যন্ত তারা বাংলাদেশসহ ৪৫ দেশের ইন্টারন্যাশনাল দুই হাজার স্টুডেন্টের মধ্যে প্রায় খাদ্যসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশি এক মেয়ে নিজে শিক্ষার্থী হওয়ার পরও বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য করোনা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অ্যাম্বাসির পক্ষ থেকে আমরাও তার মাধ্যমে কিছু সহযোগিতা করেছি।
বৃষ্টির খাতুন মোবাইলে দেশ রূপান্তরকে বলেন, মানুষের পাশে দাঁড়াতে শিল্পপতি বা বড় কিছু হওয়ার প্রয়োজন নাই। ইচ্ছা থাকলে সে যে কোন বয়সে, যা আছে তা থেকেই অন্যকে সহযোগিতা করতে পারেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কিছুটা মানুষের উপকার হয়, তাহলেই আমরা সার্থক।
উপহার সামগ্রী সংগ্রহ ও বিতরণে তাহসিন নয়ন, ইমতেয়াজ, নাইম হোসেন, আনজুমান, জেরিনসহ বেশ কয়েকজনের সহযোগিতা পেয়েছেন বলে জানান বৃষ্টি। তাদের দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, মুড়ি,চিড়া, খেজুর এক কেজি, কয়েক ধরনের ফল, রূপাজা শরবত, বিভিন্ন ধরনের শাকসবজি ও মসলা, ডিম দুই হালি, দুধ বা মিল্ক পাউডার, স্যাভলন, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি।
বৃষ্টি খাতুন বর্তমানে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি সিলেট নগরীর উপশহরের লন্ডনপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়িক বরকত আরমান সাহেবের মেয়ে।