‘মৃগী রোগী’ উমরকে নিয়ে বিপাকে পড়েছিল পিসিবি!

দারুণ সম্ভাবনা নিয়ে পাকিস্তান দলে আবির্ভাব হয়েছিল উমর আকমলের। তবে বরাবরই নেতিবাচক খবরে শিরোনাম হয়েছেন। সর্বশেষ তো দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে এই ক্রিকেটারের ক্যারিয়ারই শেষ হয়ে গেল বলে মনে করছেন পিসিবির সাবেক সভাপতি নাজাম শেঠি।

এতটুকুতেই শেষ নয়। উমর বরাবরই শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে চলতেন বলে প্রকাশ্যেই মন্তব্য করেছেন শেঠি। সঙ্গে দিয়েছেন আরেকটি তথ্য- মৃগী রোগী ছিলেন উমর! যা নিয়ে বেশ বিপাকেই পড়েছিল বোর্ড।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন শেঠি। একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন উমরের মৃগী রোগে ভোগার কথা, ‘আমাদের কাছে থাকা মেডিকেল রিপোর্টে নিশ্চিত করে বলা হয়েছিল যে, উমর মৃগীরোগে ভুগছিল।’

তবে উমর নাকি সেটি বিশ্বাস করতো না। শেঠি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ওকে ডেকে পাঠিয়েছিলাম। যখন ওর সঙ্গে দেখা হল, তখন বললাম যে এটা সিরিয়াস সমস্যা। বিশ্রাম নিয়ে যথোপযুক্ত চিকিৎসা করানো দরকার। কিন্তু উমর এটা মানতে রাজি ছিল না।’

শেঠি বলে যান, ‘আমি দুই মাসের জন্য খেলতে দিইনি ওকে। তারপর আমরা ওর মেডিকেল রিপোর্ট নির্বাচকদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। নির্বাচকদের কোর্টে বল ঠেলেছিলাম। কারণ, তাদের কাজে আমি হস্তক্ষেপ করতে চাইনি।’

উমরকে স্বার্থপর ক্রিকেটার উল্লেখ করে শেঠি বলেন, ‘ও শৃঙ্খলা মানত না একেবারেই। নিজের সহজাত প্রবণতা অনুসারে খেলত। বড্ড আত্মকেন্দ্রিক ছিল। দলের জন্য নয়, খেলত নিজের জন্য। সমস্ত ধরনের শৃঙ্খলার বাইরে ছিল ও।’

তিন বছরের জন্য যে নিষেধাজ্ঞা পেয়েছেন ২৯ বছর বয়সী উমর, তাতে তার ক্যারিয়ারের শেষ দেখছেন সাবেক পিসিবি প্রধান। নিজের শঙ্কার কথা বলতে গিয়ে শেঠি বলেন, ‘আমি আতঙ্কিত যে ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। আমার তো মনে হচ্ছে ওর ক্যারিয়ার শেষই হয়ে গেল। ও সবসময়ই সমস্ত ধরনের শৃঙ্খলার বাইরে ছিল। আর এই ধরনের নির্বাসন হওয়ারই কথা ছিল।’