ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে হুমায়ুন কবির (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বরিশাল শের ই বংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
হুমায়ুন কবির জেলার রাজাপুর উপজেলার বরইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর এলাকার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর পুত্র। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে কিডনি ও স্ট্রোক রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছিলো হুমায়ুনের।
সকালে শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে মেডিসিন ওয়ার্ড থেকে করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয় ।শুক্রবার দুপুরে শের ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটেই তার মৃত্যু হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় উত্তমপুরের নিজ এলাকায় ইসলামিক ফাউন্ডেশন এর সদস্যরা হুমায়ুনের দাফন সম্পন্ন করেন। এসময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।