সিলেটে নারায়ণগঞ্জ ফেরত অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটে নারায়ণগঞ্জ ফেরত এক পুলিশ সদস্যের (২৬) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই পুলিশ সদস্য গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জে শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কিছুদিন ধরে তার শারীরিক সমস্যা দেখা দেয়।

করোনাভাইরাস সন্দেহে ঢাকায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। কিন্তু তাতে করোনা নেগেটিভ ফল আসে। পরে তাকে বাড়িতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন। বাড়িতে থাকা অবস্থায় তার জ্বর উঠে। পরে ২৭ এপ্রিল তাকে সিলেটের হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, মৃত ওই পুলিশ সদস্য লিভারের সমস্যাসহ শরীরে আরও কিছু সমস্যা ছিল। ঢাকায় ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেছে। তার করোনার উপসর্গ ছিল না। তারপরও নারায়ণগঞ্জ ফেরত হিসেবে আমরা তার নমুনা সংগ্রহ করেছি। সেটি পরীক্ষার পরই আসলে বলা যাবে।