সাত সকালে মহাসড়কে অটোভ্যানের ৩ যাত্রী নিহত

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

সিরাজগঞ্জের বেলকুচির মেঘুল্লায় ঢাকা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ ঘটনা ঘটে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় পৌঁছায়। 

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের তিন আরোহী মারা যান। দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত