ইংল্যান্ডে করোনাভাইরাসের প্রকোপ এখনও কমেনি। তাই কবে নাগাদ ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো যাবে সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনায় বলা হয়েছে, লিগের চলতি মৌসুম শেষ করতে নিরপেক্ষ ভেন্যুই ‘একমাত্র উপায়’ হতে পারে।
দেশে খেলাধুলা শুরুর করার পথ খুঁজে পেতে শুক্রবার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান, সরকার ও পাবলিক হেলথ ইংল্যান্ডের মেডিকেল বিশেষজ্ঞ ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেন ইংল্যান্ডের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া মন্ত্রী অলিভিয়ে ডাওডেন। তাতে যুক্ত হন ফুটবল, রাগবি ইউনিয়ন, ক্রিকেট, রেসিং ও যুক্তরাজ্য ক্রীড়া কার্যক্রমের দাতাদের প্রতিনিধিরাও।
সেখানে ডাওডেন জানান, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ তখনই মাঠে ফিরবে যখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবুজ সংকেত দেবেন। আর লিগ মাঠে গড়ালেও ম্যাচগুলো হবে দর্শকশূন্য ভেন্যুতে।
ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কেবল সরকারের নির্দেশনা অনুযায়ীও অনুশীলন বা খেলা শুরু করা হবে।
“আজকের সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ‘প্রজেক্ট রিস্টার্ট’র তথ্যের ওপর ভিত্তি করে ক্লাবগুলো কেবল মত বিনিময় করেছে। পরবর্তীতে আরও আলোচনা হবে।”
করোনার কারণে ১৩ মার্চ থেকে বন্ধ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। লিগ শেষ হতে এখনো বাকি ৯২টি ম্যাচ। এর মধ্যে আবার নতুন মৌসুমের আগমনী বার্তা। সে জন্য নিরপেক্ষ ভেন্যুতে লিগের বাকি খেলাগুলো অনুষ্ঠানের বিষয়টি উঠে আসে আলোচনায়।
ভিডিও কনফারেন্স বৈঠকজুড়ে কেবল অনুশীলন শুরুর বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে মাঠের লড়াই ফেরানোটা এখনো ‘অনেক দূরের, বিস্তারিত প্রক্রিয়ার বিষয়’ হিসেবে ‘প্রজেক্ট রিস্টার্ট’ এ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্টস।
তাতে বলা হয়েছে ২০১৯-২০ মৌসুম পুনরায় শুরু করতে কমপক্ষে ১০টি স্টেডিয়াম প্রয়োজন। সঙ্গে ইংলিশ লিগের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ৪০ হাজারেরও অধিক জনের করোনা পরীক্ষাও করাতে হবে।