জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। করোনাকালে ঘরবন্দী এই নির্মাতার জন্মদিনে কোনো আয়োজন না থাকলেও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এদিকে রাত ১২টা বাজতে না বাজতেই ফারুকীকে সারপ্রাইজ দিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। সেই সারপ্রাইজের কথা তিশা ফেসবুক মারফত সবাইকে জানিয়েও দিয়েছেন।
তিশা বলেন, ‘প্রিয়জনের জন্মদিন। সময় যতই খারাপ হোক, উদ্যাপনতো থেমে থাকবে না। তাই হাতের কাছে থাকা প্যানকেক, চকলেট, বিস্কুট আর অ্যাপ্রিকট দিয়ে বানিয়ে ফেললাম একটা কেক! ছোট কেক, কিন্তু ভালোবাসা বড়। শুভ জন্মদিন, লাভ অব মাই লাইফ।’
এদিকে স্ত্রীর নিকট থেকে এমন সারপ্রাইজ পেয়ে ফারুকীও নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফারুকী বলেন, ‘এমনই যে নিদান কাল তার আবার জন্মদিন কী! তারপরও প্রিয়জনদের ভালোবাসাতো থেমে থাকে না! তিশা তাই হাতের কাছে যা পেয়েছে-প্যানকেক, চকলেট, আর অ্যাপ্রিকট- দিয়ে একটা কেক বানিয়েছে! আকারে ছোট, ভালোবাসায় অনেক বড়। এই জীবনে সবার ভালোবাসাই পাইতে চাইছি, ভালোবাসতেই চাইছি! আর কোনো বিষয় নিয়ে অভিযোগ করার সুযোগ থাকলেও ভালোবাসা নিয়ে অভিযোগের সুযোগ নাই! সেই জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা। যে আমারে ভালোবাসে নাই, আমি আসলে তারও ভালোবাসা চাইছি, ভালোবাসতে চাইছি! তারপরও যদি কাহারেও আঘাত করে থাকি, তবে জেনো সে মোর অজ্ঞতাপ্রসূত অথবা ক্ষণিকের উত্তেজনার ফল।’
এদিকে জন্মদিনে নিজের লেখা একটি কবিতাও শেয়ার করেছেন ফারুকী। তিনি লিখেন, ‘তুলতুলে বাচ্চাদের আমি/কোলে নিতে পারি না/আদর দিতে গিয়ে ব্যথা দিয়ে ফেলি/ধরতে যাই পরম মমতায়/অজ্ঞতাবশত দিয়ে ফেলি আঘাত।/আমি গল্পের সেই প্রকাণ্ড মানুষ/যে জানেই না তার শরীরের ভূগোল কিংবা ব্যাকরণ।’
ফারুকীর নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল ‘ব্যাচেলর’। এ পর্যন্ত তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্র। এগুলো হলো- ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’। মুক্তির অপেক্ষায় আছে তার নির্মিত ‘শনিবার বিকেল’।