বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট লিগে অফ স্পিন বোলিং করে সবাইকে চমকে দিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে এর চেয়ে চমক জাগানিয়া তথ্য হচ্ছে ক্যারিয়ারের শুরুতে পেস বোলিং করতেন ছোটখাটো গড়নের এই ক্রিকেটার। সেখান থেকে কীভাবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হলেন সেই গল্প শোনালেন মুশফিক নিজেই।
শনিবার জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে পৌনে এক ঘণ্টা আড্ডা দেন সাবেক অধিনায়ক মুশফিক। সেখানেই দুজনে খুলে দেন মনের দুয়ার। তামিমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুশফিক। তামিমও উত্তর দিয়েছেন মুশফিকের প্রশ্নের।
মুশফিক এবং তামিম দুজনই বয়সভিত্তিক দল থেকেই একসঙ্গে খেলছেন। দুজনে খুব ভালো বন্ধুও। এদিন দুজনের প্রাণবন্ত আড্ডায় ফুটে উঠেছে সেটিই।
নানা প্রশ্নের মধ্যে মুশফিকের বিকেএসপি জীবন নিয়ে প্রশ্ন করেছিলেন তামিম। জানতে চান, ‘তুই পেস বোলিং কেন করতি?’ মজা করে তামিম বলেন, ‘হাইট ভুলে গিয়েছিল…?
অনূর্ধ্ব-১৫ পর্যায়ে একটা ম্যাচে মুশফিক পেস বোলিং করেছিলেন সেটিও মনে করিয়ে দেন তামিম। বলেন, ‘মনে আছে তো বোলিং স্টাইল ছিল স্টিভ হার্মিসনের মতো… ওর চেয়ে বেশি রান আপ নিয়ে বোলিং করতি।’
মুশফিক নিজের সেই গল্প বললেন এভাবে, ‘আমি বোলিংও পারতাম। তখন আসলে ছোটবেলায় মানুষের হাইট যতটুকু থাকে, ততটুকু ছিল। চেষ্টা করতাম যতভাবে কন্ট্রিবিউট করা যায় করতে। তখন কিপিং আসলে ওরকম করে করতান না। কিন্তু একটা ম্যাচে আমাদের মূল কিপার ছিল না। ইনজুরড হয়ে যায়। এরপর আমি কিপিং করি, কেউ করতে চাইছিল না বলে। সেখান থেকেই ভালোবাসার শুরু।’
মুশফিক জানালেন তার আগ পর্যন্ত বোলারই ছিলেন তিনি, ‘তার আগ পর্যন্ত আমি বোলারই ছিলাম। এটা মজার যে এই হাইট নিয়ে পেস বোলার…। বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময়ও পেস বল করতে চাচ্ছিলাম। তখন স্যাররাও বলছিল, এই হাইট নিয়ে পেস বোলার, পাগল নাকি তুমি। তুমি যেটা করছ সেগুলোই করো।’
মুশফিক জানিয়েছেন বিকেএসপিতে ভর্তির আগে ক্রিকেটের চেয়েও তার প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন। কিন্তু বিকেএসপিতে ব্যাডমিন্টন না থাকায় ক্রিকেট বেছে নেন।
বলেন, ‘আমার আসলে ক্রিকেটের চেয়েও বেশি প্রিয় ছিল ব্যাডমিন্টন। অনেক ভালো লাগত। কিন্তু তখন বিকেএসপিতে ব্যাডমিন্টন ছিল না। আমি ক্রিকেট ও ফুটবল দুটিতেই চান্স পেয়েছিলাম। পরে ক্রিকেটেই গেলাম।’