বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে নভেল করোনাভাইরাস। ভারতেও করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় গত শুক্রবারই তৃতীয় দফার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দেশটি। দেশটির অনেক রাজ্যের অবস্থা ভয়াবহ। মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে সংক্রমণ এবং মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে। এ অবস্থায় আক্রান্তদের শনাক্ত করে দ্রুত আইসোলেশনের মাধ্যমে সংক্রমণ কমানোর চিন্তা করছে ওই রাজ্যগুলোর সরকার। সেই পদক্ষেপের অংশ হিসেবে গত শুক্রবার থেকে অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র রাজ্য সরকার। মুম্বাই শহরে চালু করা হয়েছে কভিড-১৯ টেস্ট বাস।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত বস্তি এলাকায় ঘুরছে এই বাস। এসব বস্তি এলাকায় উপসর্গবিহীন করোনা বাহকদের উপস্থিতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসটির উদ্বোধন করা হয়। ওরলির ন্যাশনাল স্পোর্টস ক্লাব থেকে যাত্রা শুরু করে বিশেষ এই করোনা টেস্টিং বাস। বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে এবং বৃহন্মুবই মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার প্রবীণ পরদেশি।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বাসটিতে রয়েছে করোনাভাইরাস টেস্টিং ল্যাব। রয়েছে করোনাভাইরাস পরীক্ষার জন্য অত্যাধুনিক সবরকম সরঞ্জাম। থাকছে এক্স-রে করার সুযোগ। বাসটির ভেতরে একটি ছোট চেম্বার করে সেখানে করোনা টেস্ট চলছে।
মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানান, এই ধরনের উদ্যোগ ভারতে প্রথম। মুম্বাইয়ে মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু হলো। আশা করা যায়, দেশের অন্যান্য শহরেও এই উদ্যোগ নেওয়া হবে।