পাকিস্তানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে দেখতে চান সাঙ্গাকারা

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার কারণে পাকিস্তানে বিদেশিদের সফর বন্ধ ছিল প্রায় ১০ বছর। শ্রীলঙ্কার সেই দলটির সদস্য ছিলেন কুমার সাঙ্গাকারা। অবসরের পর এখন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সর্বেসর্বা তিনি। তবুও মাঠের ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি। গত ফেব্রুয়ারিতে এমসিসি একাদশের হয়ে পাকিস্তান সফর করে এসেছেন। এবারের সফরে ২০০৯ সালের পাকিস্তান সফরের সেই বিভীষিকা ফিরে এসেছিল কি সাঙ্গারাকার? সেটা বলাই বাহুল্য। কিন্তু যুগের সঙ্গে সময়ও তো বদলেছে, বদলেছে পাকিস্তান ক্রিকেট। তাই নিজে সফর করে আসার পর শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মনে করেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের উচিত পাকিস্তান সফর করা। এক দশক পর শ্রীলঙ্কাই প্রথম পূর্ণশক্তির টেস্ট দল নিয়ে পাকিস্তান সফর করে। পরে বাংলাদেশও টেস্ট খেলেছে দেশটিতে। তবে এশিয়ান দেশগুলোর পাকিস্তান সফরকে খুব একটা ইতিবাচক হিসেবে দেখছেন না ব্যাটিং গ্রেট সাঙ্গাকারা। তার মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলো পাকিস্তানে গেলেই কেবল দেশটির ক্রিকেটের চেহারা ফিরবে। স্কাই স্পোর্টসের ক্রিকেট শোতে সাঙ্গাকারা জানান, ‘নিরাপত্তার বিষয়টি যখন সামনে আসছে তখন আমাদের বিশ্বের দিকে তাকাতে হবে। এশিয়ার কোনো দল বা দ্বিতীয় সারির কোনো দল পাকিস্তান সফর করলেও খুব একটা ভূমিকা রাখবে না। আমার মনে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তান সফর করে তবে এটা বোঝা যাবে যে দেশটির নিরাপত্তা উন্নতি কেমন। ওরাই ব্যাপারটি সবচেয়ে ভালো প্রকাশ করতে পারবে। কারণ নিরাপত্তার বিষয়গুলো তারাই বেশি খুটিয়ে দেখে।’ তবে এখনই পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ ফেরার ব্যাপারে নিশ্চিত নন সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মালিক এজন্য আলোচনা-পর্যালোচনার কথা বলেছেন। তিনি বলেন, ৫ টেস্টের সঙ্গে ওয়ানডে সিরিজের সফরগুলো হয়তো সহসাই দেখব না। এত লম্বা সফর সবার জন্যই ক্ষতিকর। সংক্ষিপ্ত সফরই ভালো।’