ইংল্যান্ডের লঙ্কা সফর জানুয়ারিতে

মার্চে এশিয়ায় করোনার প্রাদুর্ভাব শুরু হলে স্থগিত হয়ে যায় ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর। তড়িঘড়ি দেশে ফিরে যান রুট-স্টোকসরা। সফরে দুই টেস্টের সিরিজ খেলার কথা ছিল দুই দলের। তবে সিরিজটি পেছালেও নতুন সময় পেয়ে গেছে। আগামী বছর জানুয়ারিতে হবে এই সিরিজ। গতকাল এমনটাই জানালেন লঙ্কান ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা। এতে করোনার কারণে স্থগিত হওয়া প্রথম কোনো ক্রিকেট সিরিজ নতুন করে সূচি পেল। এই মার্চে সিরিজ খেলতে এসে ১০ দিন শ্রীলঙ্কায় ছিল ইংল্যান্ড। এই সময়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ চলমান অবস্থায় সিরিজ স্থগিতের ঘোষণা আসে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে এসে পুনরায় প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ইংল্যান্ড। আগামী বছর টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জো রুটরা। অ্যাশলে ডি সিলভা জানান, ‘আমরা সিরিজটি কবে করা যায় তা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা করছিলাম। ইংল্যান্ড সিরিজটি আগামী জানুয়ারিতে খেলার ব্যাপারে রাজি হয়েছে। তবে এখনো দিন-তারিখ ঠিক করতে পারিনি।’

তবে আগামী জানুয়ারিতেই ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফর তারা কীভাবে করবে সেটা এখনো প্রশ্নের বিষয়। ইন্টারনেট।