করোনায় ক্ষতি মোকাবিলা

হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বিমান

করোনায় আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। চলতি মূলধন হিসেবে (ওয়ার্কিং ক্যাপিটাল) এ ঋণ মঞ্জুর করা হয়েছে।

গত শুক্রবার সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর প্রকোপে অন্য দেশগুলোর মতো দেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে। এই স্থবিরতা কাটিয়ে  দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে চলতি মূলধন হিসেবে সোনালী ব্যাংক ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এছাড়া বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।