এক ঝলকে

তিশমার কণ্ঠে পপসম্রাটের গান

পপসম্রাট মাইকেল জ্যাকসনের সেরা গানের একটি ‘হিল দ্য ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পীই গানটি কভার করেছেন। এবার করলেন বাংলাদেশের পপ গায়িকা তিশমা। গানটির ভিডিওতে তিশমাকে গিটার বাজিয়ে গানটি গাইতে দেখা যাচ্ছে। সারা বিশ্বের করোনা আক্রান্ত মানুষ এবং তাদের রক্ষা করার জন্য যারা কাজ করছেন, তাদের উৎসর্গ করেই গানটি গেয়েছেন বলে জানিয়েছেন তিশমা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের গান শুনছি। হঠাৎ মনে হলো বর্তমান সময়ের সঙ্গে এই গানটি খুব ভালো যায়। সেই জায়গা থেকে গানটি কভার করা। আশা করছি ভক্ত শ্রোতাদের ভালো লাগবে।’ গেল ২৯ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটির ভিডিও প্রকাশ করেছেন তিশমা।

ইরফান স্মরণে পুরনো ধারাবাহিক

বলিউডের তুমুল জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা ইরফান খান সবাইকে কাঁদিয়ে গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান। আশির দশকের শেষের দিতে তিনি ছোট পর্দায় কাজ শুরু করেন। ইরফানকে শ্রদ্ধা জানিয়ে তার অভিনীত প্রথম ধারাবাহিক ‘শ্রীকান্ত’ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকারি চ্যানেল দূরদর্শন। সেই সময় দূরদর্শনের বেশ কিছু যুগান্তকারী প্রযোজনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। ১৯৮৫ সালে দূরদর্শনের জন্য নির্মিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’। প্রবীন নিশ্চলের পরিচালনায় ওই সিরিজে অভয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেটিই পর্দায় তার প্রথম কাজ। এই ধারাবাহিকটি আবার সম্প্রচারের সিদ্ধান্তে অনেকেই দূরদর্শন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। ইরফান ভক্তরা দারুণ খুশি, সেটাও জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

নাসিরুদ্দিন শাহকে নিয়ে দুশ্চিন্তা

প্রথমে ইরফান খান, পরে ঋষি কাপুর। একের পর এক নক্ষত্র পতনে শোকগ্রস্ত বলিউড। ঠিক সে সময় আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের শারীরিক অসুস্থতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি বলে খবর বেরিয়েছে। তবে এ গুঞ্জনকে আর ডালপালা মেলতে দেননি তার ছেলে বলিউড অভিনেতা ভিভান শাহ। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিভান লেখেন, ‘আমার বাবা ভালো আছেন। বাবার শরীর নিয়ে যে খবর ছড়িয়েছে, তা গুজব। ইরফান ভাই এবং চিন্টুজির আত্মার শান্তি কামনা করছি। এই কঠিন সময়ে প্রয়াত দুই অভিনেতার পরিবার যাতে মনের শক্তি পায়, সেই কামনা করছি।’ শুধু নাসিরুদ্দিন শাহের ছেলেই নন, অভিনেতার ভাইজিও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তার কাকা মুম্বাইয়ের বাড়িতে কাকী রত্না পাঠক শাহের সঙ্গে সুস্থ আছেন বলে জানান তিনি।