কিম প্রকাশ্যে আসার একদিন পর দুই কোরিয়ার গোলাগুলি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রকাশ্যে আসার একদিন পর দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই দেশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মচারীদের যৌথ প্রধান রবিবার বিবৃতিতে জানান, স্থানীয় সময় সকাল পৌনে আটার আগে গোলাগুলি শুরু হয়।

দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর থেকে আগে গুলি শুরু হলে তারা দুইবার জবাব দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে এই উত্তেজনা চলে আসছে। উত্তর ও দক্ষিণের মধ্যকার সম্পর্ক এতটাই তিতকুটে ছিল যে যুদ্ধ শেষ হওয়ার পরও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। এর বদলে যুদ্ধবিরতি জারি ছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।

আরও পড়ুন: কিমের দেশে পত্রিকা ভাঁজ করাও অপরাধ

কিম ক্ষমতা নেয়ার পর ২০১৮ সালের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আভাস মেলে। সে বছর এপ্রিলে কোরীয় যুদ্ধ-পরবর্তী ৬৫ বছরে প্রথমবার উত্তরের কোনো নেতা হিসেবে কিম দক্ষিণে পা রাখেন।

ঐতিহাসিক বৈঠকে মুন ও কিম উভয়ই পারমাণবিক নিরস্ত্রীকরণে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও খুব একটা শান্তি তাদের সীমান্তে ফেরেনি।