নিম্ন আয়ের ক্লাব কর্মচারীদের পাশে বিসিবি সভাপতি

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষরা দুর্ভোগে পড়েছেন সবচেয়ে বেশি। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত নিম্ম আয়ের শ্রমিকদের চিত্রটাও একই রকম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তাই এগিয়ে এলেন। পাশে দাঁড়ালেন অসহায় ক্লাব কর্মচারীদের।

৭৬টি ক্লাবের নিম্ন আয়ের মানুষদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বিসিবি সভাপতি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগে খেলা সিসিডিএমের তালিকাভুক্ত ক্লাবগুলোর কর্মচারীদের জন্য বিসিবির সভাপতির ‘উপহার’ হিসেবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সিসিডিএম এই খাদ্য সামগ্রী বিতরণ করে। প্রতিটি ক্লাবের জন্য ৩০টি করে প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, লবণ, সাবানের মতো নিত্য পণ্য সামগ্রী।