চট্টগ্রাম বন্দর

ফেব্রিকসের কন্টেইনারে কিছু নেই

ফেব্রিকস ঘোষণায় চীন থেকে আমদানি করা একটি কন্টেইনার খুলে মেলেনি কোনো পণ্য। গতকাল রবিবার কাস্টমস কর্মকর্তারা কন্টেইনারটির কায়িক পরীক্ষা করে দেখতে পান ভেতরে কিছুই নেই।  তাদের ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য বন্দর থেকে বের করে নিয়েছে চোরাচালান চক্র। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের যোগসাজশেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ কাস্টমস কর্মকর্তাদের। কাস্টমস সূত্র জানায়, ঢাকার উত্তর বাড্ডা এলাকার তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কেমস ফ্যাশনের নামে চীন থেকে একটি ফেব্রিকসের চালান চট্টগ্রাম বন্দরে আসে। কিন্তু সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই এসব পণ্য বন্দর থেকে বের করে নিয়ে গেছেন আমদানিককারক ও তাদের নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লোকজন। ওই চালানের পণ্য নিয়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান পুলিশের হাতে আটক হয়েছে বলেও জানায় কাস্টমস সূত্র।

চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া দেশ রূপান্তরকে বলেন, সংশ্লিষ্ট শিপিং এজেন্ট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস গোয়েন্দা বিভাগসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে রবিবার কন্টেইনারটির কায়িক পরীক্ষা করা হয়। আমদানি কাগজপত্রে কন্টেইনারটিতে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিকস থাকার কথা উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় কন্টেইনারটিতে কোনো পণ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গত ১৯ এপ্রিল একই আমদানিকারকের আরেকটি চালানের পণ্যের সঙ্গে এসব পণ্য অবৈধভাবে বন্দর থেকে বের করে নেওয়া হয়েছে। এ চালানের পণ্য বহনকারী একটি কাভার্ড ভ্যান পুলিশের হাতে আটক হওয়ার তথ্য রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।