ডিয়েগো ম্যারাডোনাকে বল হয় ফুটবল ঈশ্বর। একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। লিওলেন মেসিও সর্বকালের অন্যতম সেরা। যদিও আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি।
আর্জেন্টিনার সেরা দুই ফুটবল প্রতিভার সঙ্গেই খেলেছেন রবের্তো আয়ালা। সাবেক এ ডিফেন্ডার প্রশংসা করেছেন দুই ফুটবল কিংবদন্তিরই। তিনি বলেছেন, ‘আমি দুজনের সঙ্গেই খেলেছি। ডিয়েগোর সঙ্গে আমি মাত্রই ক্যারিয়ার শুরু করছিলাম। তারা (মেসি ও ম্যারাডোনা) ফুটবলের দুই গ্রেট। অবসরের পর মেসি চিরস্মরণীয় হয়ে থাকবে।’ তবে ম্যারাডোনার উচ্চতায় মেসি উঠতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে আয়ালার, ‘তারা দুজন আলাদা। ডিয়েগোর ফুটবল ছিল সত্যিকার শিল্প। আর মেসি স্পিডি গনসালেস, যে পা থেকে দুই সেন্টিমিটার দূরে বল নিয়ে ছুটে যায়।’
১৯৯৪ থেকে ২০০৭ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১৫ ম্যাচ খেলা আয়ালা মনে করেন, মেসির গ্রেটনেসের সুফল দল এখনো সেভাবে পায়নি ‘আশা করি, জাতীয় দলকেও সে তার মানের ফুটবল উপহার দেবে, যা আমাদের একটা দল হিসেবে গড়ে তুলবে। আমরা তাকে ঘিরে একটা দল চাই, তার দল নয়।’ ২০১৫ ও ’১৬ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুললেও জেতাতে পারেননি মেসি। ব্রাজিল বিশ্বকাপে তিনি দলকে ফাইনালেও তুলেছিলেন। তবে কাপ এনে দিতে পারেননি। ম্যারাডোনা একা যেমন নাপোলিকে চ্যাম্পিয়ন করেছেন তেমনি দেশকেও বিশ্বকাপ এনে দিয়েছেন। মেসি তা পারেননি। তিনি বার্সেলোনাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিলেও দেশকে তেমন কিছু দিতে পারেননি।