চাঁদপুরে জেলেদের জালে ১২ মণ ওজনের শাপলাপাতা

চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১২ মণ ওজনের একটি স্টিং রে মাছ। স্থানীয়রা এই মাছটিকে শাপলাপাতা হিসেবে চেনে। মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে ১৫ ফুট আর লেজের দৈর্ঘ্য প্রায় ৭ ফুট হবে বলে জানিয়েছেন জেলেরা। গত শনিবার বিকেলে শহরের বড়স্টেশন মাদ্রাসারোড এলাকার জেলে আবুল বাশারের জালে এ মাছটি ধরা পড়ে।

জেলেরা জানান, মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নের ল¹িমারা চরে মাছটি আটকা পড়ে। জাল টানার সময় অতিরিক্ত ওজন হওয়ায় জেলেরা ভয় পেয়ে যায়। পরে আটজন জেলে মিলে প্রাণপণ চেষ্টায় জাল তুলে তাজ্জব বনে যান। তাদের জালজুড়ে দেখতে পান একটি দৈত্যাকৃতির স্টিং রে মাছ। পরে বাঁশের সঙ্গে বেঁধে জেলেরা মাছটি চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে নিয়ে আসেন।

পরে বিশাল আকৃতির এ মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করা হয় মনছুর আহমেদ বন্দুকসী নামের এক মাছ ব্যবসায়ীর কাছে। লকডাউনের কারণে মাছটি অল্প টাকায় বিক্রি হয়েছে বলে জানান জেলেরা। চাঁদপুরে লকডাউন না থাকলে এ মাছটির মূল্য আরও বেশি হতো বলে মনে করছেন তারা। চাঁদপুরের মাছ ব্যবসায়ীরা জানান, স্টিং রে মাছটি স্থানীয়রা অনেকে ‘হাউস’ বা ‘শাপলাপাতা’ মাছ বলে চেনে। মূলত এ ধরনের মাছ দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ সাগর মোহনায় পাওয়া যায়।