দুশ্চিন্তায় সোনারগাঁয়ের লিচুচাষিরা

করোনার প্রভাবে দুশ্চিন্তায় পড়েছেন সোনারগাঁয়ের লিচুচাষিরা। সোনারগাঁয়ের লিচু দেশের অন্যান্য অঞ্চলের লিচুর তুলনায় আগেভাগে বাজারে আসে। সে হিসেবে সপ্তাহখানেকের মধ্যে বাজারে আসবে সোনারগাঁয়ের লিচু। বর্তমান করোনা পরিস্থিতিতে এই লিচুর উপযুক্ত দাম পাওয়া ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সোনারগাঁয়ের তিন শতাধিক লিচু বাগান মালিকের।

কয়েকটি লিচু বাগান ঘুরে দেখা গেছে, বাগানগুলোতে ইতিমধ্যে লিচু পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সোনারগাঁয়ের দেশি প্রজাতির লিচুতে রং ধরতে শুরু করেছে।

লিচুচাষিরা জানান, এ বছর সোনারগাঁয়ে লিচুর ভালো ফলন এলেও এই লিচু বিক্রি নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লিচুর সঠিক মূল্য পাবেন কি না তা নিয়েও তাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। যেসব মৌসুমি লিচু ব্যবসায়ী বাগান মালিকদের কাছ থেকে এ বছর বাগান কিনেছেন, তারাও লোকসানের ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন। সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, এ বছর সোনারগাঁয়ে প্রায় একশ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য বেশ উপযোগী।