চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী ত্রাণের তালিকা তৈরির সময় টাকা নিয়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে। সারা দেশের মতো তিন দিন আগে থেকে আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরির কাজ করছেন। তবে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ তালিকা তৈরির সময় আর্থিক সুবিধা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘তালিকা তৈরিতে কম্পিউটার ও ফটোকপি খরচের জন্য এ টাকা নেওয়া হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান মানা করার পর আর টাকা নিচ্ছি না। যাদের কাছ থেকে টাকা নিয়েছি তারা চাইলে ফেরত দিয়ে দেব।’