দিনাজপুরের হাকিমপুরের হিলিতে টিসিবির সুলভমূল্যে পণ্য বিক্রয় কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে পণ্য ক্রয়ে মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দেখা গেছে, হিলি বাজারের দুটি টিসিবির সুলভমূল্যে পণ্য বিক্রয় কেন্দ্রের সামনেই সাধারণ মানুষের লম্বা লাইন। প্রতিদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত একই অবস্থা বিরাজ করে। একজন অপরজনের গায়ের সঙ্গে গা লাগিয়ে দিয়ে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকছেন। হুড়োহুড়ি করে পণ্য কিনছেন তারা, মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব।
একই অবস্থা বাজারগুলোতেও। কাঁচাবাজার, মুদিখানা ও মাছ বাজারগুলোতে মানুষের বেশ জনসমাগম লক্ষ করা গেছে। এ ছাড়া কাপড়সহ যেসব পণ্যের দোকান বন্ধ থাকার কথা, সেসব দোকানও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়ানো নাহিদ হোসেন ও খাদেমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে কয়েক দিন ধরে কাজকর্ম বন্ধ। যার কারণে আর্থিক কষ্টের মধ্যে রয়েছি। এমন অবস্থায় বাজারের চেয়ে খানিকটা দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছি। প্রচুর লোকের সমাগম হওয়ার কারণে করোনার ভয় থাকলেও উপায় নেই, বাধ্য হয়ে পণ্য কিনছি এখান থেকে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মানুষকে ঘরে রাখতে উপজেলা প্রশাসন নানামুখী কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ বাজারগুলোতে নিয়মিত টহল দিচ্ছে, মানুষজনকে সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে বোঝানো হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হচ্ছে। সেই সঙ্গে টিসিবির পণ্য বিক্রিতে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। তবে সেখানে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনাবেচা করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।