ডোয়াইন ব্রাভো নতুন গান লিখছেন। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। সে কথা জানিয়েছেন বলিউড তারকা সানি লিওনকে। ইনস্টাগ্রামের লাইভ সেশনে।
লাইভে ব্রাভোর কাছে সানি জানতে চান, নতুন কোনো গান নিয়ে তিনি কাজ করছেন কি না। জবাবে ব্রাভো জানান, ‘নম্বর সেভেন’ শিরোনামে ধোনিকে উৎসর্গ করে একটি গানে হাত দিয়েছেন।
‘নম্বর সেভেন নামের একটি গান নিয়ে কাজ করছি। এটি শুধুমাত্র মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে করা হচ্ছে।’
‘তার ক্যারিয়ার, অর্জন এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা, যেটি তার প্রতি আমাদের সব ক্রিকেটার এবং দর্শকদেরও আছে সেসব নিয়ে গানটি লিখছি।’
গান আর নাচের প্রতি উইন্ডিজ ক্রিকেটারদের দুর্বলতা চিরকাল। দেশটির সাধারণ মানুষও এমন। তারা যতদিন বাঁচেন, নেচেগেয়ে বাঁচেন।
ব্রাভোর ‘আমুদে’ মন ক্রিকেটবিশ্বে বহুল আলোচিত। ভক্তরা তাকে ভালোবেসে ‘ডিজে’ নামে ডাকেন। করোনা নিয়ে সম্প্রতি ‘উই নট গিভিং আপ’ শিরোনামের যে গানটি গেয়েছেন সেটি শুধু দর্শকদের কাছেই জনপ্রিয়তা পায়নি, সংগীতবোদ্ধারাও চমকে গেছেন।
ব্যক্তি ব্রাভোর মতো তার ক্যারিয়ারও বৈচিত্র্যময়। ২০১৮ সালের অক্টোবরে অবসর ঘোষণা দিয়ে গত ডিসেম্বরে ফিরে আসেন। ফিরেই ডাক পেয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
ডেথ ওভারে ব্রাভোর মতো দক্ষ বোলারের জুড়ি মেলা ভার। ব্যাটিংয়েও নির্ভার। বিশেষ করে কুড়ি ওভারের ফরম্যাটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আকাশচুম্বী। টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। উইন্ডিজের হয়ে ৬৬ আর বিভিন্ন লিগ মিলিয়ে ৪৫০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলে ৫২ উইকেটের পাশাপাশি রান করেছেন ১১৪২।