মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর ফোর-এ নামে স্প্যানটি বসানো হয়।
এরই মধ্যদিয়ে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হল। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এ স্প্যান বসানো হয়েছে। এতে পদ্মা সেতুতে স্প্যান বসাতে বাকি থাকছে আরও ১২টি স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগের দিন রবিবার সকাল ৮টার দিকে লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই।
ওই দিনই কয়েক ঘণ্টা ব্যবধানের মধ্যে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে স্প্যান নিয়ে পৌঁছে যায় ভাসমান ক্রেন।
তিনি আরও জানান, পরবর্তীতে সোমবার সকাল ৮টার দিকে সেতুর ১৯ ও ২০ পিলারের উপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় বেলা ১১টার দিকে নির্ধারিত পিলারের উপর স্প্যানটি বসাতে সক্ষম হন প্রকৌশলীরা।
প্রসঙ্গত, পদ্মা সেতুর ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। ৪২ পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। ৪১টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে ৩৯টি স্প্যান পদ্মা সেতু প্রকল্প এলাকায় পৌঁছলেও বাকি ২টি স্প্যান চীনে রয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
এছাড়া নদী শাসনের কাজ করছে দেশটির আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।