ব্রাজিলে যীশুর বাণী, ‘মাস্ক বাঁচাবে প্রাণ!’

করোনা সংক্রমণ বাঁচতে মাস্ক পরার প্রতি জোর দেয়া হচ্ছে বিশ্বের অনেক দেশ। ইতিমধ্যে সিঙ্গাপুর, হংকং, অস্ট্রিয়া, পোলান্ড, তুরস্কসহ অনেক দেশে রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। 

এমন ভারত ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অনেক বিমান কোম্পানি তাদের ফ্লাইটে মাস্ক পরতে বলে দিয়েছে যাত্রীদের। 

মাস্ক পরার প্রতি গুরুত্ব বাড়াতে ব্রাজিলের বিখ্যাত খ্রিস্টমূর্তিও অন্য রূপ নিল। রবিবার রাতে দেশটির রিও ডি জেনেরিওতে অবস্থিত বিশ্ব বিখ্যাত ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচুর মুখেও দেখা গেছে মাস্ক। লাইট শো'র মাধ্যমে এমন রূপ দেয়া হয়েছে তার চেহারায়।

সমুদ্রপৃষ্ট থেকে ৭১০ মিটার উঁচুতে স্থাপিত কর্কোভাডো পাহাড়ে এই ভাস্কর্য এ দিন প্রচার করে-মাস্ক সেভ (লাইভস) অর্থাৎ মাস্ক বাঁচাবে প্রাণ। এ যেন করোনা থেকে মানুষকে বাঁচাতে যীশুখ্রিস্টের পবিত্র কোনো বাণী।

করোনা পরিস্থিতিতে কয়েক সপ্তাহ আগেও বিশ্বের স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে এমন লাইট শো'র আয়োজন করা হয়েছিল ভাস্কর্যটিতে।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৫১ জন।