মুন্সীগঞ্জে ৩ ট্রাকে মিলল জেলিযুক্ত চিংড়ি-জাটকা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে সোমবার সকালে পৃথক ৩টি ট্রাকভর্তি ১১৫ মণ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে নৌ-পুলিশ।

এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ ৬ জনকে আটক করা হয়।

সোমবার সকাল ৬টার দিকে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ট্রাকভর্তি ওই জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দসহ ৬ জনকে আটক করে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাত থেকে নৌ-পুলিশের একটি টিম শিমুলিয়া ঘাটে অবস্থান নেয়।

পরে সোমবার সকাল ৬টার দিকে শিমুলিয়া ঘাটে আসা পৃথক ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। এর মধ্যে ২টি ট্রাকে ৫০ মণ জাটকা ও আরেকটি ট্রাকে ৬৫ মণ জেলিযুক্ত চিংড়ি পাওয়া গেছে।

তিনি আরও জানান, বরিশাল থেকে জাটকাবোঝাই করে পৃথক দু’টি ট্রাক এবং বাগেরহাট থেকে জেলিযুক্ত চিংড়িবোঝাই করে আরেকটি ট্রাক ঢাকা যাচ্ছিল। এর মধ্যে পৃথক দুটি ট্রাক থেকে ৫০ মণ জাটকা জব্দের ঘটনায় চালক ও হেলপারসহ ৪ জন ও আরেক ট্রাক থেকে ৬৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দের ঘটনায় আরও ২ জনকে আটক করে নৌ-পুলিশ।